মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কামরুজ্জামান রতন লেখেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি আরও লেখেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কামরুজ্জামান রতন বলেন, দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে এলাকার রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে আব্দুল হাই যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই গণমানুষের নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাআলা তার সব নেক আমল কবুল করে জীবনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমএমটি
