আদর্শ শিশু গড়ে তুলতে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ‘আদর্শ শিশু গড়তে পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, আদর্শ শিশু গঠনের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হলো পরিবার। শিশুর মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পারিবারিক পরিবেশ ও বড়দের আচরণও শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। সভায় সভাপতিত্ব করেন বিবিএন নিউজের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ জসিম উদ্দিন ভূঁইয়া মুন, বি.ই.এইচ কমিউনিটির (ইউরোপ) ভাইস চেয়ারম্যান যুবরাজ খান, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক লোপা নাজনীন, গীতিকার ও সুরকার ম. রহমান মিলকী, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ইথু হেলথ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এম. ইরফান উদ্দিন ইরো এবং টাঙ্গাইলের আফাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রবিন আহমেদ।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, সংস্কৃতিমনস্কতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিআলো/শিলি