কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের বাঁশখালীর প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পুইছড়ি প্রেমবাজার এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০) এবং সুমন মুন্সি।
বুধবার (২১ অক্টোবর) টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেন ডিবি পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র্যাব সদস্য অপহরণকারী চক্রের মূলহোতা সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন তাকে তুলে নিয়ে যায়। অপহরণের সময় সুমন মুন্সি এসআরবি পোশাক পরিহিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে এহছানকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বাঁশখালী থানায় ১৯ অক্টোবর একটি মামলা করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয় আরও বিস্তারিত জানাতে আগামীকাল ২২ অক্টোবর বেলা ১১টার সময় চট্টগ্রাম নাসিরাবাদ ২নং গেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গত রাতে ভিকটিমকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।