আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ১১ নেতার করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। এ কারণে ১৩ অক্টোবর মঙ্গলবার আবেদনটির শুনানি হবে না।
ত্রুটির মধ্যে রয়েছে আদালত ফি বাবদ ২২০ রুপির ঘাটতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি এবং ১১ জন আবেদনকারীর মধ্যে ৯ জনের ওকালতনামা না থাকা।
আবেদনকারীদের আইনজীবীরা ত্রুটিগুলো সংশোধন করে ১৪ অক্টোবর বুধবার শুনানির জন্য আবেদনটি তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
নির্বাচন কমিশনের কার্যক্রম ও কথিত নির্বাচনী অনিয়মের বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী নেতারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তাঁরা।
আবেদনে অভিযোগ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এককভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের জুনে এসআইআর শুরুর সিদ্ধান্তও রয়েছে।
আবেদনে নির্বাচন কমিশন এবং তিন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশিকে বিবাদী করা হয়েছে।
বিরোধী নেতারা বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, এসআইআর পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়েছে কি না এবং নির্বাচন কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হোক।
সোমবার রাহুল গান্ধী নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে আবেদন জমা দেন। তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধী জোটের অন্য নেতারা।
এর আগে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে একটি মিছিল করেন বিরোধীরা। তবে সুপ্রিম কোর্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে পুলিশের ব্যারিকেডে মিছিলটি আটকে দেওয়া হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
