চট্টগ্রামের পটিয়া থেকে চিনি ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকা থেকে লুণ্ঠিত আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে লুণ্ঠিত ১৫ টন চিনির মধ্যে ১৪ দশমিক ২ টন বা ২৮৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গোডাউন থেকে একই ঘটনায় লুণ্ঠিত আরও ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যানের চালক মো. আলমগীর ও আজিজনগর বাজারের মুদি দোকানি মো. রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তার আলমগীরকে আদালতে পাঠানো হয়।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে হারবাংয়ের নোনাছড়ি এলাকার একটি বন্ধ দোকানে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। দোকানটির মালিক রাসেল। তিনি আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েলের ভাই। এর আগে জুয়েলের গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মধ্যে এ পর্যন্ত ২৮৪ বস্তা উদ্ধার হয়েছে। চিনির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও ব্যবসায়ী জুয়েলকে আসামি করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
পুলিশের প্রাথমিক ধারণা, আলমগীর অন্যদের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে ৩০০ বস্তা চিনি আত্মসাৎ করে থাকতে পারেন। পরে এসব চিনি বাজারমূল্যের চেয়ে কম দামে কিনে নেন আজিজনগর বাজারের রাজিব স্টোরের মালিক জুয়েল। এরপর স্থানীয় মুদি দোকানগুলোতে সেগুলো বিক্রি করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আহমদ বলেন, আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েল ও নোনাছড়ির রাসেল আপন ভাই। চিনি আত্মসাতের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বুধবার রাত থেকে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়।
এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং-সংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা সড়কে নবনির্মিত কর্ণফুলি উপজেলা পরিষদ ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় চিনিবাহী কাভার্ডভ্যানটি পাওয়া যায়। পরে ঘটনাটি তদন্তে নামে পুলিশ। ধারাবাহিক অভিযানে দুই স্থান থেকে চিনি উদ্ধার করা হলেও বাকি ১৬ বস্তা চিনি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এনামুল হক নাবিদ/এইচএস
