মুন্সীগঞ্জের সিরাজদীখানের তানভীর সারোয়ার ও মাহিম আহমেদ চীনের সুচৌ শহরে ১৭–২৬ অক্টোবর অনুষ্ঠেয় আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
স্বপ্ন ফুটবল ঘিরে, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরা। সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদীখানের দুই শিক্ষার্থী তানভীর সারোয়ার (১৭) ও মাহিম আহমেদ (১৭)। আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা।
পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর ও মাহিম দলের সদস্য হিসেবে আগামীকাল শনিবার চীনের উদ্দেশে রওনা দেবে। তাদের এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।
আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হবে আইএসএফের এ ফুটবল প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে তারা।
তানভীর সারোয়ার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। আর মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দুজনই পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাদের জন্য গর্বের। তাদের এ যাত্রা শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
