ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
সড়ক দুর্ঘটনা কমাতে ঢাকা–ভাঙা মহাসড়কে ট্রাফিক নিরাপত্তা প্রচারণা শুরু করেছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবনে ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকাল থেকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম আজাদ রহমান, নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. নাজমুল হক, মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ এবং প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন।
কর্মসূচিতে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ, ট্রাফিক আইন মানার পরামর্শ, সিটবেল্ট ও হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং গতি নিয়ন্ত্রণের বার্তা প্রচার করা হয়। স্বেচ্ছাসেবী ও কর্মকর্তারা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরি করেন।
কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সদস্যরাও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। আয়োজকদের মতে, সচেতনতা বৃদ্ধি পেলে মহাসড়কে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। সামনে আরও বড় পরিসরে এ ধরনের প্রচারণা চালানোর পরিকল্পনার কথাও জানান সওজ কর্মকর্তারা।
