কুমিল্লার দাউদকান্দি থেকে পাবনায় পাচারের পথে ২৮০ বস্তা ডিএপি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ব্যারিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আটক ব্যক্তিরা হলেন, ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৯৯৩৭।
পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে সার নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। পথে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় টহল পুলিশের কাছে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ ট্রাকটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেলপার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার পাচারের কথা স্বীকার করেন। ট্রাকটিতে ২৮০ বস্তা ডিএপি সার ছিল বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দাউদকান্দি থেকে পাবনায় সার পাচারের সময় ২৮০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাইফুল ইসলাম/এসএইচএ
