৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। স্বামী ফিলিপ স্নাইডারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি। ২০২৩ সালে যমজ সন্তানের মা হওয়ার পর এবার তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
গত বুধবার প্রকাশিত ভিডিওতে হিলারির সঙ্গে তাঁর স্বামী এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকে দেখা যায়। পরিবারের সদস্যদের আনন্দঘন মুহূর্তের সেই ভিডিওর ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’
তাঁর এই মজার ক্যাপশন থেকেই সামনে আসে তৃতীয়বার মা হওয়ার খবর। তবে অনাগত সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ সম্পর্কে বিস্তারিত জানাননি অভিনেত্রী।
তৃতীয়বার মা হতে যাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলারি। পিপল সাময়িকীকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।”
অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের এক দিন পর শুক্রবার (১৬ অক্টোবর) নিউইয়র্কে প্রকাশ্যে দেখা যায় এই অভিনেত্রীকে। সেদিন তিনি ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেন। এ সময় তাঁর বেবি বাম্পের ছবিও ভক্তদের নজর কাড়ে।
যমজ সন্তানের পর আসছে তৃতীয় সন্তান
২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন হিলারি সোয়াঙ্ক। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালের এপ্রিলে তাঁদের যমজ সন্তান আয়া ও ওমের জন্ম হয়। সন্তানদের নিয়ে বিভিন্ন মুহূর্তও বিভিন্ন সময়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এবার সেই পরিবারে যুক্ত হতে চলেছে আরেক সদস্য।
১৯৭৪ সালের ৩০ জুলাই যুক্তরাষ্ট্রে জন্ম হিলারি অ্যান সোয়াঙ্কের। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বয়েজ ডোন্ট ক্রাই’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার সেরা অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জেতেন তিনি।
এরপর ২০০৪ সালে ‘মিলিয়ন ডলার বেবি’ সিনেমায় অভিনয়ের জন্য একই বিভাগে দ্বিতীয়বার অস্কার পান হিলারি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে দুবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, দুবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড এবং একটি অ্যাক্টর অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। এ ছাড়া ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) জন্য মনোনয়ন পেয়েছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে প্রভাবশালী সাময়িকী ‘টাইম’-এর বিশে^র ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও জায়গা করে নেন হিলারি সোয়াঙ্ক। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই তারকার ব্যক্তিজীবনে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
The post ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হচ্ছেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক first appeared on দৈনিক আজকের জামালপুর.
