স্পোর্টস ডেস্ক
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের অনুশীলন দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলটির প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার এ ঘটনা ঘটে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪০ বছর বয়সী এই কোচের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন কোম্পানি। এ কারণে গত মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি তিনি। তবে বুধবার গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বায়ার্নের ডাগআউটে ছিলেন সাবেক ম্যানচেস্টার সিটি ও বেলজিয়াম দলের এই ডিফেন্ডার।
এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, ‘শুক্রবার ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে হঠাৎ পড়ে যাওয়ার পর ভিনসেন্ট কোম্পানিকে চিকিৎসা দিতে হয়। সে সময় প্রথম দলের প্রধান কোচ দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোম্পানির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার কোচিং স্টাফরা অনুশীলন ও ম্যাচসংক্রান্ত দায়িত্ব পালন করবেন।’
রোববার জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার কথা বায়ার্নের। তবে দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোম্পানিকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
কোম্পানির দ্রুত সুস্থতা কামনা করেছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল। তিনি বলেন, ‘ভিনসেন্ট কোম্পানির সুস্থতাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার দ্রুত আরোগ্য নিশ্চিত করতে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে আমরা সবকিছু করব।’
তিনি আরও বলেন, ‘ভিনি প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহযোগিতা পাচ্ছেন। সুস্থ হওয়ার জন্য তার যতটা সময় প্রয়োজন, আমরা তাকে তা দেব। তার কোচিং দলের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারাই আপাতত দায়িত্ব পালন করবে। বায়ার্নের পক্ষ থেকে আমরা সবাই ভিনির দ্রুত সুস্থতা কামনা করছি।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে বায়ার্নের সংবাদ সম্মেলনে কোম্পানির পরিবর্তে উপস্থিত হয়েছিলেন তার সহকারী অ্যারন ড্যাঙ্কস।
জার্মানির ফুটবল সাংবাদিক তৌফিক খলিল বিবিসি রেডিও ফাইভ লাইভকে জানান, প্রায় এক সপ্তাহ ধরে ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন কোম্পানি।
তিনি বলেন, ‘গত শনিবার লাইপজিগের বিপক্ষে ম্যাচের সময় থেকেই বিষয়টি শুরু হয়। সেদিনই প্রথম আমরা ভিনসেন্ট কোম্পানিকে কিছুটা অসুস্থ দেখেছিলাম। ম্যাচের পর তিনি সংবাদ সম্মেলনে আসেননি। তখন ম্যাক্স এবার্ল আমাদের জানিয়েছিলেন, তিনি ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন।’
বুধবার মিউনিখে আর্সেনালের বিপক্ষে ম্যাচে প্রবল বৃষ্টির মধ্যেও কোম্পানিকে ডাগআউটে দেখে অনেকে বিস্মিত হয়েছিলেন বলে জানান খলিল। তার ভাষ্য, ‘সবাই ভেবেছিল, কোম্পানির পরিবর্তে অ্যারন ড্যাঙ্কস ডাগআউটে থাকবেন। কিন্তু ম্যাচটি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, হয়তো তিনি নিজেকে বাইরে রাখতে চাননি।’
কোম্পানির অসুস্থ হওয়ার ঘটনার সময় বায়ার্নের অনুশীলন মাঠে একটি হেলিকপ্টার অবতরণ করেছিল বলেও জানান এই সাংবাদিক। তবে কোম্পানিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়নি। চিকিৎসাসংক্রান্ত একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী, চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বায়ার্নের প্রধান কোচ।
