২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি পুনরায় শুরু করার নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আপিল প্রক্রিয়া চলাকালীন বিচারকের সেই নির্দেশটি স্থগিত রাখার জন্য পৃথক একটি আবেদনও করা হয়েছে। খবর নিউজউইকের।
ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট জজ জিনসুক ওহতা 'রেড ঈগল ল' নামের একটি অভিবাসন সংক্রান্ত আইনি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় প্রাথমিক ইনজাংশন মঞ্জুর করেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারি রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচিটি পুনরায় শুরু করার নির্দেশ দেন।
গ্রিন কার্ড লটারি হিসেবে বহুল পরিচিত এই কর্মসূচির আওতায় প্রতিবছর যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কম অভিবাসনের হার থাকা দেশগুলোর নাগরিকদের জন্য ৫৫ হাজার পর্যন্ত ডাইভারসিটি ভিসা বরাদ্দ রাখা হয়।
সরকার গত ১৯ অক্টোবর আপিল নোটিশ দাখিল করে জজ ওহতার এই প্রাথমিক ইনজাংশন এবং এর সাথে সম্পর্কিত নির্দেশগুলোকে চ্যালেঞ্জ জানায়। একই সঙ্গে আপিল বিবেচনার সময়কালে নিষেধাজ্ঞাটি স্থগিত রাখার জন্য সরকারের পক্ষ থেকে ওহতার কাছে একটি পৃথক আবেদনও করা হয়।
এ বিষয়ে মন্তব্য চেয়ে 'নিউজউইক' ইমেলের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর এবং রেড ঈগল ল-এর সাথে যোগাযোগ করেছে।
আদালতের দেওয়া রায় অনুযায়ী, পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে ঘোষণা দিয়েছিল যে তারা 'ডিভি-২০২৭'-এর আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনছে এবং যত দ্রুত সম্ভব নিবন্ধনের শুরুর তারিখ জানিয়ে দেবে। তবে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ অর্থবছর শুরু হলেও এর আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। বিচারক উল্লেখ করেন যে, লটারিতে অংশ না নিয়ে কেউ ডাইভারসিটি ভিসার জন্য আবেদন করতে পারেন না, ফলে এই বিলম্ব প্রকারান্তরে কর্মসূচিটি বাতিল করার শামিল।
ওহতা তাঁর রায়ে লেখেন, ‘২০২৫ সালের নভেম্বরে ঘোষিত সাময়িক স্থগিতাদেশ কেন ২০২৭ অর্থবছরের শুরু পর্যন্ত অনির্দিষ্টকালের স্থগিতাদেশে পরিণত হলো—পররাষ্ট্র দপ্তর তার কোনো কারণ দর্শাতে পারেনি।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই কর্মসূচির ওপর নির্ভরশীল মানুষের কথা কর্মকর্তারা বিবেচনা করেছিলেন কি না—তা সহ কোনো ব্যাখ্যা না থাকার অর্থ হলো ‘আদালত কেবল এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারে যে, ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্তটি ছিল স্বেচ্ছাচারী ও খামখেয়ালিপূর্ণ।’
বিচারক ওহতা জানান, রেড ঈগল ল প্রাথমিক নিষেধাজ্ঞার সমস্ত শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি দেখতে পান যে, আইনি প্রতিষ্ঠানটির মামলায় জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ পররাষ্ট্র দপ্তর ২০২৭ সালের লটারির প্রাথমিক বিলম্ব কেন অনির্দিষ্টকালের স্থগিতাদেশে পরিণত হলো—তার উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।
বিচারক আরও দেখতে পান যে, এই কর্মসূচি স্থগিত থাকলে রেড ঈগল ল তাদের মক্কেল ও রাজস্ব হারাবে, যা এই মামলার মাধ্যমে পুনরুদ্ধার সম্ভব নয়। তিনি বলেন, কর্মসূচিটি পুনরায় শুরু করলে সরকারের ওপর কোনো অন্যায় বা অযৌক্তিক বোঝা চাপবে না, বরং পররাষ্ট্র দপ্তরকে ফেডারেল আইন মেনে চলতে বাধ্য করার মাধ্যমে তা জনস্বার্থ রক্ষা করবে।
সরকার যুক্তি দিয়েছিল যে, নিবন্ধনের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আদালত আর লটারি শুরু করার আদেশ দিতে পারে না এবং পুনরায় এই কর্মসূচি চালু করা একটি অনুচিত দেশব্যাপী নিষেধাজ্ঞার রূপ নেবে। বিচারক ওহতা সেই যুক্তি প্রত্যাখ্যান করে জানান, দেরিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করলেও তা কংগ্রেসের আইন অনুযায়ী কর্মসূচি পরিচালনার বাধ্যবাধকতা পূরণ করবে।
ওহতা লটারি নিবন্ধনের মাধ্যমে ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা কর্মসূচি পুনারায় চালু করতে এবং তা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন।
মামলার দুই পক্ষ কর্তৃক সম্মত এবং আদালত অনুমোদিত সংশোধিত সময়সীমা অনুযায়ী, নিবন্ধনের তারিখ ঘোষণার জন্য পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ১ নভেম্বরের মধ্যে ৩০ দিনের জন্য নিবন্ধন উন্মুক্ত করতে বলা হয়েছে। নির্বাচিতদের তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে।
সংশ্লিষ্ট সংবাদ: লটারি
০৭ সেপ্টেম্বর ২০২৬
০২ আগস্ট ২০২৬
০৪ অক্টোবর ২০২৫
