দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় ঘি সম্মেলন-২০২৬’। অল ইন ওয়ান মার্কেটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, সফল উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের ঘি শিল্পে রয়েছে বিপুল সম্ভাবনা। মানসম্মত উৎপাদন, কঠোর মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্র্যান্ডিং ও বিপণন কৌশলের মাধ্যমে দেশীয় বাজারে ভোক্তাদের আস্থা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ঘিকে প্রতিষ্ঠিত করা সম্ভব।
আলোচনায় ভেজালমুক্ত ও নিরাপদ ঘি উৎপাদন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, উৎপাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি শিল্পটির টেকসই উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
‘কিং অব ঘি’ খ্যাত মো. শাহাদাত হোসেনের আহ্বানে সাড়া দিয়ে সম্মেলনে অংশ নেন বিভিন্ন খাতে প্রতিষ্ঠিত একাধিক সফল উদ্যোক্তা। তাঁদের মধ্যে ছিলেন স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা কে. এম. রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদ’স ওয়ার্ল্ডের কর্ণধার মো. নাহিদ হাসান রুবেল, আর এস লেদারের প্রতিষ্ঠাতা মো. সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো. মেহেদী হাসান এবং সম্মেলনের আহ্বায়ক ও অল ইন ওয়ান মার্কেটের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন।
সম্মেলনে বিভিন্ন আলোচক নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কন্টেন্ট কিং লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. ইকরাম ডিজিটাল কন্টেন্ট তৈরি, কার্যকর কন্টেন্ট কৌশল এবং অনলাইনে রিচ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তিনি ব্যবসার প্রসারে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং সঠিক কন্টেন্ট কৌশলের গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনের শেষ পর্বে দেশের ঐতিহ্যবাহী ঘি শিল্পকে আরও সুসংগঠিত, মানসম্মত ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ দেশীয় ঘি শিল্পের বিকাশ, ভোক্তাদের আস্থা বৃদ্ধি এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
