টাঙ্গাইলের গোপালপুরে নারী ফুটবলের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দর্শকের ঢল নামে। উপজেলার হেমনগর জমিদারবাড়ি মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে কলসিন্দুর নারী ফুটবল দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি।
গতকাল মঙ্গলবার বিকেলে হেমনগর স্পোর্টিং ক্লাব ও হক পল্লী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রীতি ম্যাচে ফরহাদ হোসেন একাডেমির জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় নারী ফুটবল দলের সাবেক স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার ১টি গোল করেন। অপরদিকে, কলসিন্দুর দলের পক্ষে আকলিমা ১টি গোল করে দলকে সাময়িকভাবে সমতায় ফিরিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ের সুবাদে জয়ী দল হিসেবে মাঠ ছাড়ে ফরহাদ হোসেন একাডেমি।
এর আগে খেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহাফুজুল আলম খান, ইউএনও মঞ্জুরুল মোর্শেদ, জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন, শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত এবং হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার।
প্রীতি ম্যাচটি উপভোগ করার জন্য গোপালপুরসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ হাজার দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। দর্শকদের তুমুল উচ্ছ্বাস ও করতালিতে হেমনগর জমিদারবাড়ি মাঠ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নারী ফুটবলের এমন আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
