নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে ঈদগাহ মাঠের পাশে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে মো. হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে মো. রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে বিল্লালের সঙ্গে দেখা করতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তরুণী।
এজাহারের বরাতে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিল্লাল ও তার সহযোগীরা তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
