খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। ১৫ অক্টোবর বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধর টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনার প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯), ও মোঃ ইব্রাহিম গাজী (৪২)কে গ্রেফতার করে।
মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ০৯ অক্টোবর রাতে খুলনা মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশা যোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপরে কুপিয়ে জখম করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।
পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
