বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে চিফ হুইপ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা ও তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে, সুলভে ও যথাযথভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
