কালবেলা · আন্তর্জাতিক
কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
১৩/১০/২০২৬

কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদানের প্রযুক্তিগত উন্নয়ন যাচাই করতে সোমবার এ পরীক্ষা চালানো হয়। দেশটির দাবি, এই উন্নয়নের ফলে আক্রমণাত্মক অস্ত্রব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আধুনিকায়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন পরীক্ষাটি পরিচালনা করেছে।
সংস্থাটি এই প্রযুক্তিগত উন্নয়নকে ‘বড় সাফল্য’ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, এর ফলে আক্রমণাত্মক অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও প্রযুক্তিগত উৎকর্ষ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
কেসিএনএ জানায়, অস্ত্রপ্রযুক্তির উন্নয়নে ক্ষেপণাস্ত্র প্রশাসন ও এর অধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত গবেষণা কার্যক্রমের অংশ ছিল এই পরীক্ষা।
এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।
দক্ষিণ কোরিয়ার ধারণা, গত সপ্তাহে তাদের সফল হাইপারসনিক গ্লাইড ভেহিকল পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকতে পারে। তবে পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পরীক্ষার সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗