পর্তুগাল দল থেকে নির্বাসিত ক্রিস্তিয়ানো রোনাল্দোছবি: X
Published on
:
2 min read
আশঙ্কা বাড়ছিল আগেই, এ বার তাতে সিলমোহর পড়ল। পর্তুগালের জাতীয় ফুটবল দল থেকে নির্বাসিত হলেন তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্দো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF) তাঁকে ৩০ দিনের জন্য ব্যান করেছে। হেড কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোনাল্দো। সব ঘটনা খতিয়ে দেখার পরে ৪১ বছরের তারকা ফুটবলারকে দোষী সাব্যস্ত করেছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এর পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়েছেন রোনাল্দো।
কেন মতবিরোধ রোনাল্দো ও জর্জে জেসুসের?
অক্টোবর মাসের শুরুর দিকে উয়েফা নেশন্স লিগে নরওয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি রোনাল্দো। সেকেন্ড হাফে ওয়ার্ম-আপ করলেও তাঁকে নামাননি কোচ জর্জে জেসুস। এর পরেই ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে কোপেনহেগেনে পর্তুগালের শিবির ছেড়ে চলে যান রোনাল্দো। কোচ তাঁকে দু’বার প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি বলে অভিযোগ করেছিলেন CR7। অন্য দিকে এমন কোনও প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করেছেন জেসুস। বরং তিনি স্পষ্ট করে দিয়েছিলেন দল নির্বাচনের ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই শেষ কথা।
কেন শাস্তি পেলেন রোনাল্দো?
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির মতে, ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছিলেন রোনাল্দো। তাই আচরণবিধির ১৬০(১) ধারা অনুযায়ী ৩০ দিনের ব্যানের মুখে পড়েছেন তিনি। তবে এই নির্বাসন ঠিক কোন কোন ম্যাচ বা কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেনি ফেডারেশন। আগেই অস্থায়ী নির্বাসনের আওতায় কাটানো সময় এই শাস্তির সঙ্গে যোগ হবে কি না, সেটাও জানানো হয়নি। এর পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানাও করা হয়েছে তাঁকে।
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের পরে সমর্থকদের উদ্দেশে অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে শিবির থেকে চলে যাওয়ার জন্য পরে ক্ষমা চেয়েছিলেন রোনাল্ডো। একই সঙ্গে জানিয়েছিলেন, শাস্তি ভোগ করার পরে জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত।
কবে পর্তুগাল দলে ফিরবেন রোনাল্দো?
এই তারকা ফুটবলারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদী পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও। তাঁর বক্তব্য, বিষয়টির নিষ্পত্তি হয়ে গেলে ফেডারেশনের প্রত্যেকেই রোনাল্দোকে জাতীয় দলে ফিরে পেতে চান। পর্তুগালের পরবর্তী ম্যাচ ১৪ নভেম্বর। ঘরের মাঠে ডেনমার্কের বিরুদ্ধে খেলবে তারা। এর পরে, ১৭ নভেম্বর ওয়েলসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এই ম্যাচগুলিতে রোনাল্দোকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
