যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের বার্তা নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে চল্লিশোর্ধ্ব খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আমিশাপাড়া ও দেওটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এ ম্যাচের আয়োজন করা হয়। উপজেলার আবিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটির আয়োজন করেন আমিশাপাড়া ইউনিয়নের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আশরাফ আহমেদ এবং দেওটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেদ আলম।
আয়োজক আশরাফ আহমেদ বলেন, নানা কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার বার্তাও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ম্যাচের নির্ধারিত সময়ে আমিশাপাড়া ও দেওটি ইউনিয়নের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আমিশাপাড়া ইউনিয়ন ৪-২ গোলে দেওটি ইউনিয়নকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম মামুন, দেওটি ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন, আমিশাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ,
দেওটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার পিন্টু, আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাতুল হাসান এবং প্রবাসী রনি ও জহিরসহ দুই ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আয়োজক রাসেদ আলম আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে, মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে এবং দুই ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
বিআলো/আমিনা