রাস্তার ধারে চায়ের দোকান। সামনে বাইক রেখে সেটির উপর বসে মোবাইল দেখছিলেন তরুণ। ঘনাল বিপদ। একটি চারচাকা ছুটে এসে তরুণের দু’চাকায় ধাক্কা মারল। বাইকটি রীতিমতো উড়ে গেল। তরুণ ধপ করে রাস্তার উপর পড়ে গেলেন। তার পর? হাড় হিম করা দুর্ঘটনার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ঘটনাটি তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার সাথানকুলামে ঘটেছে বলে জানা গিয়েছে। ‘কন্টেন্টকিকামি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, চায়ের দোকানে লোকজনের ভিড়। রাস্তার ধার ঘেঁষে, দোকানের সামনের অংশে বাইক রেখে সেটির উপর পা ঝুলিয়ে বসে মোবাইল দেখছেন এক তরুণ। আচমকা ঝড়ের বেগে ছুটে এল চারচাকা। ধাক্কা মারল বাইকে। দু’চাকাটি ছিটকে চলে গেল। তরুণ রাস্তার উপর ধপ করে পড়ে গেলেন। তিনি অবাক হয়ে রাস্তার উপরই বসে রইলেন। চা দোকানে থাকা অন্যান্য লোকজন চিৎকার করে গাড়িটির দিকে এগিয়ে যেতে লাগলেন।
‘লেটসআনমিউটইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, চায়ের দোকানের পাশে চেয়ারের মধ্যে বসে মোমবাইল দেখছেন এক তরুণ। গাড়ির ধাক্কা লেগে উড়ে যাওয়া বাইকটি গিয়ে চেয়ারে বসা তরুণের উপর পড়ল। তরুণ চেয়ার-সহ মাটির উপর লুটিয়ে পড়লেন। বাইকটি তরুণের মাথার উপর পড়ে রইল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাইক থেকে পড়ে যাওয়া তরুণ কোনও রকম চোট পাননি। তবে চেয়ার থেকে পড়ে যাওয়া তরুণ মাথার উপর বাইক আছড়ে পড়ায় গুরুতর চোট পেয়েছেন। স্থানীয়েরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে কেমন রয়েছেন সে সম্বন্ধে কিছু জানতে পারা যায়নি। বেশ কিছু তরুণ দৌড়ে গিয়ে চারচাকাটিকে দাঁড় করান। চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। কিন্তু এর পর তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে। দু’টি ভিডিয়োই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো দেখে আতঙ্কিত নেটপাড়া।
