মস্তিষ্কের টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পথে অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কয়েক মাস ধরে চিকিৎসা ও বিশ্রামে থাকার পর এবার আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও চলতি মাসেই অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য মার্চে ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার হয়। চিকিৎসার এই দীর্ঘ প্রক্রিয়ায় স্বাভাবিক জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন অভিনেত্রী। শুটিং তো দূরের কথা, স্বাভাবিকভাবে কথা বলতেও একসময় তাঁর বেশ কষ্ট হতো।
চিকিৎসার কারণে প্রায় নয় মাস ধরে অভিনয় থেকে দূরে আছেন তানিয়া। এ সময়ে তাঁর অভিনীত বেশ কিছু নাটক প্রচার হলেও সেগুলোর প্রচারণা বা নতুন কাজে তাঁকে দেখা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই বেশির ভাগ সময় কাটিয়েছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। ভক্তদের উদ্দেশে তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা এখনো শেষ হয়নি। ছয় মাসের কেমোথেরাপির কোর্স চলছে তাঁর। তিন মাসের চিকিৎসা শেষ হয়েছে এবং চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে।
কেমোথেরাপির এই ধাপ শেষ হওয়ার পর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিশেষ করে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসা কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ অভিনয়ে ফেরার প্রস্তুতি নিলেও তানিয়ার চিকিৎসা এখনো চলমান।
অসুস্থতার কারণে তাঁর শারীরিক গঠনেও পরিবর্তন এসেছে। বিশেষ করে ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করে অভিনেত্রী জানিয়েছেন, দুটি অস্ত্রোপচার এবং চিকিৎসার সময় ব্যবহৃত ওষুধের কারণেও তাঁর ওজন বেড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও তিনি বোঝানোর চেষ্টা করেছেন।
দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকাটা তানিয়ার জন্য মানসিকভাবেও কঠিন ছিল। কারণ অসুস্থ হওয়ার আগে প্রায় নিয়মিতই নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতেন তিনি। সহশিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ককে নিজের পরিবারের মতোই মনে করেন এই অভিনেত্রী। চিকিৎসার সময় তাঁদের অনেকেই তাঁর খোঁজ নিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষার কথা জানিয়েছেন।
ভক্তদের ভালোবাসাও তানিয়ার ফিরে আসার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। লাইভে তিনি জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা তাঁর আগে থেকেই ছিল। তবে দর্শকেরা তাঁকে আবার পর্দায় দেখতে চান কি না, সেটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই কাজে ফেরার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।
এখন নাটক ও ওটিটিসহ কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি। তবে ঠিক কোন দিন থেকে শুটিং শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
