হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতের এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।
Published : 22 Oct 2026, 12:48 PM
Updated : 22 Oct 2026, 01:08 PM
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন।
বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে মো. হারুনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
এর আগে বুধবার বিকালে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে এ পর্যটকরা সাগরে ভেসে যান বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
তিনি জানান, বুধবার সাগরে গোসলে নামা পর্যটকদের মধ্যে প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে আরও একজনের লাশ ভেসে আসে সৈকতের হিমছড়ি পয়েন্টেই।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলাইমানের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনের নাম সাইবুল হক জিসান ও আল মাহিবুল ইবনে মোকারম রোহান। অন্যজনের নাম আকাশ বলে জানান তিনি।
সোলাইমানের ভাষ্য অনুযায়ী, জিসান ও রোহান ঢাকার বাসিন্দা। আকাশের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া হারুনও একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নাফিসুল হক নিবিড় (২২)। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।
রামুর ইউএনও জিল্লুর রহমান বলেন, ঢাকার উত্তরা থেকে সাত পর্যটক ১৮ অক্টোবর বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান।
পরে বেলা ১টার দিকে তারা হিমছড়ি প্যাঁচার দ্বীপ জাদুঘর সংলগ্ন ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন। খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে তারা জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন।
ইউএনওর ভাষ্য, ওই সাত পর্যটকের কেউই সাঁতার জানতেন না। গোসলের সময় কয়েকজন সাগরের স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। তাদের কাছাকাছি থাকা আরও তিন থেকে চারজন সাহায্যের জন্য এগিয়ে গেলে তারাও স্রোতের কবলে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে এসে দুজনকে জীবিত উদ্ধার করেন। অন্যরা নিখোঁজ হয়।
প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজন নিখোঁজের তথ্য জানা গেলেও পরে দুজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করা হয় বলে জানান ইউএনও।
