শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর শহরের বশির উদ্দিন ভিলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনে দল-সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে দলীয় ঐক্য বজায় রাখা ও সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর আলোচনা করা হয়।
সভায় লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি, সদর উপজেলা পূর্ব বিএনপি, লক্ষ্মীপুর পৌর বিএনপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
