ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য, সহজতা এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশাসন পালনের বিভিন্ন দিক তুলে ধরে প্রকাশিত হয়েছে মুফতি নোমান আহমদ জালালাবাদীর নতুন অনুবাদ গ্রন্থ ‘মুসলমানের লাইফস্টাইল’। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত ইসলামি বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটির মূল লেখক ভারতীয় ইসলামী চিন্তাবিদ মাওলানা আশিক এলাহি বুলন্দশহরি। গ্রন্থটি সংকলন ও অনুবাদ করেছেন মুফতি নোমান আহমদ জালালাবাদী এবং সম্পাদনা করেছেন মুফতি হুসাইন আহমদ। মাহবুব পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির পরিবেশনার দায়িত্বে রয়েছে আল-মাহমুদ প্রকাশন। বইটির মুদ্রিত মূল্য ৮০ টাকা।
অনুবাদকের বক্তব্য অনুযায়ী, বইটিতে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় জীবনচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ হলেও অনেক মুসলমান ইসলামি বিধিবিধান ও শরিয়তকে কঠিন মনে করেন। অথচ ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য ও সহজতার দিকগুলো উপলব্ধি করা প্রয়োজন। মূল বইয়ে মাওলানা আশিক এলাহি বুলন্দশহরি এসব বিষয় তুলে ধরেছেন। বাংলা অনুবাদের মাধ্যমে সেসব বিষয় দেশীয় পাঠকদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন অনুবাদক।
মুফতি নোমান আহমদ জালালাবাদী জামিয়াতুল কোরআন ওয়াসসুন্নাহ, কেরানীগঞ্জ, ঢাকার সিনিয়র মুহাদ্দিস এবং আদ দ্বীন ইনস্টিটিউটের পরিচালক। তার প্রথম অনুবাদ গ্রন্থ ‘কুরআনের উপদেশমালা’। এতে সুরাভিত্তিক বিন্যাসে পবিত্র কোরআনের ৭২০টি উপদেশ সংশ্লিষ্ট আয়াত ও সাবলীল বাংলা অনুবাদসহ সংকলিত হয়েছে। আমল, তাকওয়া, আত্মশুদ্ধি, ঈমান ও চরিত্র গঠনে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কোরআনের শিক্ষা অনুধাবন এবং এর সঙ্গে পাঠকের গভীর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বইটি প্রকাশিত হয়। আলেম, হাফেজ, শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকসহ বিভিন্ন শ্রেণির মানুষের উপযোগী করে সহজ-সাবলীল ভাষায় গ্রন্থটি সাজানো হয়েছে।
‘মুসলমানের লাইফস্টাইল’ বইটির প্রচ্ছদ করেছেন আবদুল্লাহ আল নোমান। পৃষ্ঠাসজ্জার দায়িত্বে রয়েছে প্রহর ডিজাইন, বাংলাবাজার, ঢাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, জামিয়া মাদানিয়া বারিধারার মুফতি ও মুহাদ্দিস আল আমিন কাসেমি, যুব জমিয়তের সভাপতি মাওলানা ইসহাক কামাল, সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাছির আহমদ, মাওলানা সুলাইমান মাদানী, মাওলানা কালীম মাহফুজ, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি মাওলানা মনিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুফতি নুরুল্লাহ মাহমুদ, মুফতি ইউসুফ জুবায়ের, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা আশিকুর রহমান, মাওলানা উবাইদুল হক খান, মুফতি মোহাম্মাদুল্লাহ আফীফ, মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা জামিলুর রহমান বাদশাহ।
