মাগুরার শ্রীপুর উপজেলায় মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, মাগুরার শ্রীপুর উপজেলার বাখেরা-মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৩৮) ও মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৫)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিজয়া দশমীর রাতে ১৫-১৬ জন যুবক একসঙ্গে মদ পান করে। একপর্যায়ে তারা তাদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে তারা প্রাথমিক চিকিৎসা নেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে মালদা গ্রামের বিধান বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে শুক্রবার সকালে বাখেরা-মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্করও মারাত্বক অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তারও মৃত্যু হয়।
নিহত আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। এ সময় তার বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তে পর মৃত্যুর মূল কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ দুটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

