আবারও মঞ্চে আসছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় নাটক ‘অ্যানিমেল ফার্ম’। ২৬ ও ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী। ১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের রাজনৈতিক রূপক উপন্যাস ‘অ্যানিমেল ফার্ম’ থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি আর সাধারণ মানুষের অধিকার হরণের যে চিত্র অরওয়েল তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান লিপন।
