নাটোরের নলডাঙ্গা উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টার মধ্যে যেকোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে ৬ নম্বর ওয়ার্ড এবং দিয়ারপাড়া গ্রামের শুরুতে ৫ নম্বর ওয়ার্ডের বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারটি স্থাপন করা ছিল। রাতে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। চুরি হওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা যায়নি। ট্রান্সফরমার চুরির ফলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরির কারণে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। ঘটনাটি তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
এমএ
