“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার, অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা কার্যক্রমের ওপর বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং মানুষের জীবন রক্ষায় করণীয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, সদস্য সচিব মো. আশেক ইলাহী মুন্না এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য ও সিপিপির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা, আগাম প্রস্তুতি ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
তাঁরা আরও বলেন, পরিবার থেকেই দুর্যোগ প্রস্তুতির চর্চা শুরু করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
The post শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া appeared first on ভোরের চেতনা.
