তদন্তে গড়বেতা থানার পুলিশ। ছবি: Ei Samay
Published on
:
1 min read
কর্মরত এক নার্সকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের ঘটনা। অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার গড়বেতা আদালতে তোলা হয়েছে।
অভিযোগ, গত বৃহস্পতিবার কিছু প্রয়োজনীয় নথি আনতে গড়বেতা-১-এর বিএমওএইচের অফিসে গিয়েছিলেন গড়বেতার একটি স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স। নার্সের অভিযোগ, বিএমওএইচ অফিসেই তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নার্সকে মারধর করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন তিনি। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
গড়বেতা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরে ওই চিকিৎসক পালানোর চেষ্টা করেন। পুলিশ বেশ কয়েকটি টিম গঠন করে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিল। তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে বাঁকুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘ওই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ এসেছিল। গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে। দোষ প্রমাণ হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’