৪ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৩ মিনিট আগে
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখা টেস্টের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। ডারবানে প্রথম টেস্টে দল হারের পর একাদশের একমাত্র ক্রিকেটার হিসেবে বাদ পড়লেন তিনি।
প্রথম ম্যাচে দুই ইনিংসে স্টাবসের ব্যাট থেকে আসে ৩২ ও ১ রান। অথচ এই সিরিজের আগে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট ইনিংসেও ৯৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। স্টাবসের জায়গায় ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটজকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ২টি টেস্ট খেলেছেন ব্রিটজকে। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে এবং ২০২৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তার মোট রান ১৪। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় ৩৭.০৩। গত ফেব্রুয়ারিতে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলা ব্রিটজকে সীমিত ওভারের সিরিজের কারণে সাম্প্রতিক ঘরোয়া ম্যাচগুলো খেলতে পারেননি। তবে ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে চমৎকার শতক হাঁকান তিনি। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের আশা, ওয়ানডে ফরম্যাটের সেই চমৎকার ফর্ম তিনি টেস্টেও ধরে রাখতে পারবেন।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, 'ম্যাট আগেও দলের সঙ্গে ছিল। সাম্প্রতিক সময়ে ওর ওয়ানডে ফর্ম দুর্দান্ত হওয়ায় সে একটা ইতিবাচক বাড়তি সুবিধা পেয়েছে। তার চেয়েও বড় কথা, ম্যাটের মানসিকতা ও চরিত্র দলের জন্য দারুণ এক প্রেরণা।'
ব্রিটজকের অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিশ্চিত। এর পাশাপাশি কনরাড জানান, গেবেখা টেস্টে রায়ান রিকেলটন উইকেটের পেছনে গ্লাভস হাতে নামবেন। এতে করে গত ১৩ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া কাইল ভেরেইনার সেরা একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো, যদিও তিনি ১৭ সদস্যের দলে রয়েছেন।
রিকেলটন কিপিংয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাটিংয়ে তিন বা চার নম্বরে নেমে আসবেন, নাকি এইডেন মার্করামের সঙ্গে ওপেনিং চালিয়ে যাবেন—তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।
কনরাড জানান, 'রিক্স (রিকেলটন) গ্লাভস হাতে নিচ্ছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে সে ব্যাটিং অর্ডারে নিচে নামবে, নাকি ওপেনিংয়েই থাকবে, যা সে আগেও করেছে।'
মার্করামের নিয়মিত টেস্ট ওপেনিং সঙ্গী টনি ডি জর্জি হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এ সিরিজের স্কোয়াডে বিবেচিত হননি। ফলে ব্রিটজকেকে দিয়ে ইনিংস সূচনা করানো হতে পারে, কিংবা এখনও টেস্ট অভিষেক না হওয়া মিডল অর্ডার ব্যাটার মার্কাস অ্যাকারম্যানকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়।
কনরাড যোগ করেন, "চূড়ান্ত একাদশ ঠিক করার আগে বেশ কিছু দিক ভেবে দেখতে হবে। প্রথম টেস্টের ক্ষত মুছে সঠিক পথে ফেরার সুযোগ পেয়ে আমরা বেশ রোমাঞ্চিত।"
ডারবান টেস্টের দল থেকে বাকি অংশ অপরিবর্তিত রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্টে না খেলা কাগিসো রাবাদা এই ম্যাচে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। পেসারদের সার্বিক কাজের চাপ পর্যবেক্ষণ করার জন্য স্কোয়াডে থাকা সাতজন পেসারকেই রাখা হয়েছে।
রাবাদা ছাড়াও পেস আক্রমণে আছেন অ্যানরিখ নরকিয়া, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েটজি, ডেন প্যাটারসন ও করবিন বোশ। বৃষ্টির পূর্বাভাসের ওপর নির্ভর করে চূড়ান্ত একাদশের পেস কম্বিনেশন নির্ধারণ করা হবে। ম্যাচের প্রথম দিন রোববার গেবেখায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলে তিন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেশব মহারাজ, সাইমন হারমার ও সেনুরান মুথুসামিকে রাখা হয়েছে। তবে প্রথম টেস্টে মহারাজ ও হারমার দুজন খেললেও গেবেখায় সম্ভবত একজন স্পিনার নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, জেরাল্ড কোয়েটজি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, অ্যানরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।
