সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে সিলেট ভয়েসকে জানানো হয়েছে।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের দাম ও চাঁদাবাজি বাড়ছে, অথচ এসব নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারই বাজারব্যবস্থা সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে বলে মনে হচ্ছে। সিলেটেও সরকারি দলের এক নেতার বিরুদ্ধে চাঁদার জন্য শিক্ষা প্রকৌশল বিভাগের এক প্রকৌশলীকে অপহরণের চেষ্টার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই প্রকৌশলী মামলা করার সাহস পাচ্ছেন না এবং এ ঘটনায় সরকার ও দলের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় সিলেটবাসী বিস্মিত।
তিনি আরও বলেন, বাজারে সরকারের নির্দেশনার বাস্তবায়ন নেই। সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়লেও ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে না। এসব সংকট মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের সিলেট মহানগর নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন এবং নেতা আলিম উদ্দিন।
গুগলে আমাদের খবর পেতে
