আজকাল ওয়েবডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এ জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। রবিবার গ্রুপ কে-র দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। জয়ের অন্যতম কারিগর গোলরক্ষক জেনিত নিংথৌজাম। পেনাল্টি-সহ একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন তিনি।
এদিন বাকুর হোভসান কমপ্লেক্সের পিচ ১বি-তে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। প্রথম মিনিটে দীপক সিং আরামবামের কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ক্যামেরুনের ফারেইল এনগোবো। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লু কোল্টস।
তবে প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ক্যামেরুন। একের পর এক আক্রমণ সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ। ১৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভারত অধিনায়ক রালরেমরুয়াতফেলা। কিন্তু তাঁর শট শেষ মুহূর্তে আটকে দেন ক্যামেরুনের এক ডিফেন্ডার।
এরপর ভারতীয় গোলরক্ষক জেনিত নিংথৌজাম একাধিকবার দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন। ১৬ মিনিটে ক্যামেরুনের ফ্রি-কিক এবং পরের মিনিটে র্যান্ডি এনগোমের শট আটকে দেন তিনি। ১৮ মিনিটে নামদাম মোকতারের একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে নেওয়া শটও দক্ষতার সঙ্গে রুখে দেন জেনিত।
তবে ২০ মিনিটে সমতা ফেরায় ক্যামেরুন। ডান দিক থেকে মোকতারের ক্রস মহম্মদ সোহিল খানের গায়ে লেগে দিক পরিবর্তন করে ভারতের জালে জড়িয়ে যায়। ফলে আত্মঘাতী গোলে ১-১ হয় ম্যাচের স্কোর।
দ্বিতীয়ার্ধে অবশ্য নতুন উদ্যমে মাঠে নামে ভারত। বিরতির সময় মাঠে নামানো হয় রোনানদেভ আহেইবামকে। ২৭ মিনিটে মাঝমাঠে বল দখল করে দীপকের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি। দীপকের নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশ করে ভারতকে ফের এগিয়ে দেন রালরেমরুয়াতফেলা। তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
এরপর ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় ক্যামেরুন। ৩১ মিনিটে নারা মেইতেই লুশামবামের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। কিন্তু ৩২ মিনিটে হারুনা আবদুলায়ের স্পট-কিক আটকে দিয়ে ফের ভারতের ত্রাতা হয়ে ওঠেন জেনিত। তাঁর এই সেভ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল ভারত। ৩৩ মিনিটে রোনানদেভের জোরালো শট আটকে দেন ক্যামেরুন গোলরক্ষক সানি-হ্যানসেল এনদেহ।
শেষ পর্যন্ত রক্ষণ সামলে লিড ধরে রাখে ভারত। ফলে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ কে-তে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করে ব্লু কোল্টস। গ্রুপে এখনও পর্যন্ত দুই ম্যাচেই জয় পেয়েছে একমাত্র ভারত।
ভারতের পরবর্তী ম্যাচ গ্রেনাডার বিরুদ্ধে, রবিবার ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে।
