
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
