নিজস্ব প্রতিবেদক · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
সিলেট নগরীতে শিলং তীর অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে কানিশাইল এলাকায় এই ঘটনা ঘটে৷
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জজ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করতেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এসএমপির গোয়েন্দা পুলিশ শিলং তীর বিরোধী অভিযান পরিচালনা করতে নগরীর কানিশাইল এলাকায় যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত জজ মিয়াসহ কয়েকজন দৌড়ঝাপ শুরু করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএমপি’র উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে জজ মিয়াসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝা*প দেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, জজ মিয়া আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
