ইতালিতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির প্রধান কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোম, তুরিন ও বোলোনিয়ার মতো বড় শহরগুলোতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
আজ রোববার (২৫ অক্টোবর) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইতালীয় সংবাদমাধ্যম আনাসার বরাতে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাজপথে নেমে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘাত বাঁধে। তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রাজধানী রোমেও একটি বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মানুষেরা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়লে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একইভাবে বোলোনিয়া শহরেও বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ফায়ারক্ল্যাকার বা পটকা ও বোতল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিলান ও ফ্লোরেন্সেও চরম উত্তেজনা বিরাজ করে। এসব শহরে বিক্ষোভকারীদের শহরের মূল কেন্দ্রগুলোতে প্রবেশে বাধা দেয় পুলিশ বাহিনী।
এদিকে গত সপ্তাহের বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতা ও গোলযোগের তদন্তের অংশ হিসেবে মিলান, মনজা এবং অন্যান্য ২০টি শহরে প্রায় দেড় শতাধিক অভিযান ও তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আনাসার তথ্য অনুযায়ী, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর এবং ভবনগুলোতে অগ্নিসংযোগের পরিকল্পনা ও হুমকির অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, সংবেদনশীল হিসেবে চিহ্নিত শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক অবস্থান নেওয়া হবে।
