ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে অপহরণের ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজবাহ উদ্দিন হেলাল জেলার রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের বাসিন্দা। আটক ছাত্রদল নেতা জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টহল টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। একপর্যায়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভুক্তভোগীর ভাষ্যমতে, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যায়িত করে তাকে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানেকতনের মাঠে নিয়ে মারধর করে ১০-১২ জন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, জামাল হোসেনকে আটকের বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।
