নীলফামারীতে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ও অটোভ্যান ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চারটি অটোভ্যান ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী সদরের পঞ্চপুকুর এলাকার মফিজুল ইসলাম ওরফে হাজি, উত্তর পঞ্চপুকুর মাঝাপাড়া এলাকার রবি ইসলাম (২৫) এবং দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগোড় এলাকার রফিকুল ইসলাম (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার পলাশবাড়ী বাজারে গত ২০ অক্টোবর রাতে এক অটোভ্যান চালককে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অটোভ্যান চুরির চেষ্টা করেন চক্রের সদস্যরা। স্থানীয়দের সন্দেহ হলে একজনকে আটক করে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশ আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে এবং ৪টি ভ্যান ও একটি ইজিবাইক উদ্ধার করেন।
এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড মিডিয়া) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের সদস্য শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এমটিআই
