বরগুনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬’-এ বিজ্ঞান প্রদর্শনী করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)। বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে ১৯ ও ২০ অক্টোবর বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে ২০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করে ক্লাবটি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরির চেষ্টা করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ১৮ অক্টোবর বরগুনার উদ্দেশে যাত্রা করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ক্লাবের প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, মিডিয়া সম্পাদক সোহান আহমেদ ও অর্গানাইজার মো. শহিদুল্লাহ।
ক্যাম্পে ‘দৈত্যের ধোঁয়া’, সারফেস টেনশন, ইনস্ট্যান্ট আইস, সিংগিং পাইপ, কালার ভ্যানিশ, ডান্সিং রেইসিন, এলিফ্যান্ট টুথপেস্ট ও ফ্লেম টাচসহ ২০টিরও বেশি চমকপ্রদ বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করা হয়। প্রতিটি পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পায় এবং হাতে-কলমে বিজ্ঞান শেখার প্রতি আগ্রহী হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাবি সায়েন্স ক্লাবের প্রদর্শনী শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে আনন্দময় ও সহজবোধ্যভাবে তুলে ধরেছে। এ ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চা ও যুক্তিনির্ভর চিন্তায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের প্রতিটি এক্সপেরিমেন্ট ছিল বেশ মজার ও শিক্ষণীয়। এগুলো দেখে বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে এবং নতুন কিছু শেখার ইচ্ছা তৈরি হয়েছে।’
রাবি সায়েন্স ক্লাবের সদস্যরা জানান, রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ ও নাটোরসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ছড়িয়ে দিতে কাজ করছেন তাঁরা। বরগুনা সায়েন্স সোসাইটির আমন্ত্রণে এ ক্যাম্পে অংশগ্রহণ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়েছে।
আয়োজনটি সফল করতে আমন্ত্রণ ও সহযোগিতা দেওয়ায় বরগুনা সায়েন্স সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাবি সায়েন্স ক্লাব। একই সঙ্গে আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা’য় অংশ নিতে শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
