অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে ইরানই হবে প্রধান আলোচ্য বিষয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে।
ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বর্তমান পরিস্থিতিতে দৃঢ়তা ও প্রজ্ঞা—দুটিই প্রয়োজন। তিনি জানান, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তির পরিধি আরও বিস্তৃত করাই বৈঠকের মূল লক্ষ্য।
ট্রাম্পের বর্তমান মেয়াদে এটি দুই নেতার অষ্টম বৈঠক। ফেব্রুয়ারির পর এবারই প্রথম তাঁদের মুখোমুখি আলোচনা হচ্ছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা দেওয়া নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তাঁর জনপ্রিয়তা চাপে থাকায় এই বৈঠক অভ্যন্তরীণ রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ হতে পারে।
