দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করেছেন অবরোধকারীরা। তবে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে অবরোধ শিথিলের এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কের অবরোধ শিথিল থাকবে।
এর আগে গত ১১ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়া হয়। এতে সাজেকে কয়েক হাজার দেশি-বিদেশী পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলে সাজেকের ওজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকবাহী নিরাপত্তা বহর আটকে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনার পর পর্যটকবাহী নিরাপত্তা বহরকে খাগড়াছড়িতে পৌঁছানোর অনুমতি দেন অবরোধকারীরা। এরপর সোমবার ও মঙ্গলবার দুই দিন অবরোধ শিথিল রাখা হয়। তবে বুধবার আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়া হয়।
এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় রাঙামাটি জেলা প্রশাসন। অবরোধ শিথিল হলেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের মধ্যে সংঘাত চলছে।
সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় গুলিবিদ্ধ হয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯)। এরপর থেকে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি, সাজেক এলাকা থেকে জেএসএসের সন্তু গ্রুপকে দ্রুত সরিয়ে না নেয়া হলে দুর্গাপূজার পরও অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখা হতে পারে।
সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পর্যটন খাতের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা। এ সময় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
আলটিমেটামের সময়সীমা শেষ হলেও পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রশাসনের নতুন কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
অবরোধ শিথিল হওয়ায় দুর্গাপূজার সময় সড়কে চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় সাজেক ভ্যালিতে পর্যটন কার্যক্রম কবে স্বাভাবিক হবে, তা এখনো অনিশ্চিত।
