জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর মামলায় মোটরসাইকেল মালিক মো. রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এই জামিনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বলেন,' মামলার পুলিশ রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি বলেন,'প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল তার মালিক রাকিব হোসেন। কিন্তু প্রকৃতি পক্ষে ছিনতাই করার সময় এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি। তাই জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলায় গত ৩১ অগাস্ট রাকিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গত ৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
মামলার বিবরণে বলা হয়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ অগাস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়।ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় রোববার মামলা দায়ের করেন।
