শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় সম্প্রীতির সুন্দর বন্ধন আমাদের দ্রুত শান্তির গন্তব্যে পৌঁছে দেবে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীতে খুলনা নগরীর খালিশপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কেসিসি প্রশাসক বলেন, এবারের দুর্গাপূজায় মণ্ডপগুলোর দৃষ্টিনন্দন সাজসজ্জা ও ভক্তদের আনন্দঘন উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। উৎসবের এই আনন্দমুখর পরিবেশে সকলে যেন নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে পারেন, সেজন্য সিটি করপোরেশন সব সময় পাশে থাকবে এবং আগামী দিনেও এই সহায়তা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে তিনি খালিশপুর থানা এলাকার গীতাশ্রয়ী সেবা সংঘ ক্রিসেন্ট জুট মিলস মন্দির, উকিলবাড়ি সার্বজনীন পূজামন্দির এবং প্লাটিনাম জুবলী জুট মিলস মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপে আগত পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, ইউসুফ হারুন মজনু, নিজামুর রহমান লালু, আব্দুর রহমান ডিনু, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
