চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশের একটি হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার হলদেগাছি এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
