আগামী অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনকে শোকজ করেছে নির্বাচন কমিশিন (নির্বাচনি অনুসন্ধ্যান নম্বর: ০৩/২০২৬ (সদর)।
ঠাকুরগাঁও প্রতিনিধি
আগামী অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনকে শোকজ করেছে নির্বাচন কমিশিন (নির্বাচনি অনুসন্ধ্যান নম্বর: ০৩/২০২৬ (সদর)। নিজ দলের নেতাকর্মীদের দ্বারা প্রতিপক্ষ ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে গণসংযোগে বাধা ও হেনস্তার চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই শোকজ নোটিশ দেওয়া হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান (ঠাকুরগঁাঁও-১, সদর) এবং যুগ্ম জেলা ও দায়রা জজ, ঠাকুরগাঁও, সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৮ টায় ঠাকুরগাঁও পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ আদায় শেষে রাস্তায় গণসংযোগকালে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থক যুবদল নেতা মানিক, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আল আমীন ও আলমগীরের নেতেৃত্বে ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে বলপ্রয়োগ করে গণসংযোগে বাধা, আক্রমন ও হেনস্থার চেষ্টা করে। এ ঘটনায় ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে তার নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে প্রতিদ্বন্দ¦ী প্রার্থীকে নির্বাচনি গণসংযোগে আপনার সমর্থক দ্বারা বল প্রয়োগ করে বাধা প্রদান করায়, তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ১৫ (ঘ) অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
নোটিশে আরো বলা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৬৪ (৪) বিধি মোতাবেক পূর্ণাঙ্গ অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না, তা আগামী ১৭ অক্টোবর সকাল ১১ টায় আপনি বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন বা আপনার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যখ্যা প্রদানসহ আত্মপক্ষ সমর্থনে সাক্ষ প্রমাণাদি (যদি থাকে) উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে অভিযোগকারি ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর জানান, আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। কর্মী সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। আমরা যেন স্বাভাবিক নির্বাচনি আচরণ বিধি মেনে আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যেতে পারি, সে লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এ ব্যপারে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের বক্তব্য জানতে তাকে মুঠো ফোনে পাওয়া যায়নি।
