বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটিতে “খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এবং হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিলের (HSLC) সহযোগিতায় এ সেমিনার হয়। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি নিশ্চিতকরণ”।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন এবং দ্য পেনিনসুলা চট্টগ্রামের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেন।
সেমিনারের মূল লক্ষ্য ছিল খাদ্য অপচয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো, পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহ দেওয়া এবং খাদ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল ও টেকসই চর্চার গুরুত্ব তুলে ধরা। এছাড়া আতিথেয়তা ও খাদ্যসেবা খাতে খাদ্য অপচয় কমানো এবং পুষ্টিসচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
আলোচনায় হাসিনা আখতার লিপি দেশীয় ফলমূল ও খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ এবং সুস্বাস্থ্য রক্ষায় এগুলোর গুরুত্ব তুলে ধরেন। গাজী মহিউদ্দিন হোটেলশিল্পে খাদ্যের গুণগত মান, পুষ্টিগুণ এবং তা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। কামাল হোসেন হোটেলশিল্পের কার্যকর পদ্ধতিগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগের মাধ্যমে কীভাবে খাদ্য অপচয় রোধ করা সম্ভব, সে বিষয়ে আলোকপাত করেন।
সমাপনী বক্তব্যে ইসরাত জাহান আলোচকদের বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা করেন এবং আলোচ্য বিষয়ের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

