রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ি নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটকেরা নিরাপদে দিঘীনালার কাছাকাছি পৌঁছেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাজেক সড়কে অবরোধ শুরু হয়। এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। তবে সকাল সাড়ে ৮টায় সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।
বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়ি এগিয়ে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা প্রথমে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উজোবাজার এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অবরোধকারীরাও সেখানে অবস্থান করছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন।
তবে এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-পীড়ন চালাচ্ছে, সেখান থেকে নজর সরাতেই তারা এ কাজ করছে।
রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রবিক বলেন, থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছেন তাঁরা। তবে ভ্রমণে যাওয়া পর্যটকেরা নিরাপদে সাজেক ছেড়েছেন।
সানা/আপ্র/২২/১০/২০২৬
