ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিল ফয়সাল। এক পর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়। তিনি উপজেলার বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কাজ করতেন। বাড়ি উপজেলার নোহালী গ্রামে।
হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাষ্টার জানান, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে হয়। ঘড়ে আনা হয় নববধু। শুক্রবার বৌভাতের আনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় এ মর্মান্তি দূর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনি খবর পেয়েছেন এবং সেখানে পুলিশ পাঠিয়েছেন।
