কালবেলা · আন্তর্জাতিক
কমে আসছে ইইউর গ্যাস মজুত, শীত নিয়ে উদ্বেগ
২১/১০/২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস মজুতের পরিমাণ ঐতিহাসিক গড়ের নিচে নেমে গেছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হলে শীত পার করা কঠিন হওয়ার আশঙ্কাও থাকছে। ইউরোপীয় কমিশনের মূল্যায়নে এমনটি উঠে এসেছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কমিশনের মধ্যাহ্নকালীন সংবাদ সম্মেলনে মুখপাত্র আনা-কাইসা ইতকোনেন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্যাসের মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ। এ বিষয়ে সদস্যদেশগুলোর সঙ্গে আরও ঘন ঘন সমন্বয় বৈঠক করা হচ্ছে, যাতে পুরো জোটের জ্বালানি পরিস্থিতি মূল্যায়ন করা যায়। গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ইতকোনেন বলেন, “গ্যাসের মজুত ঐতিহাসিক গড়ের তুলনায় কম।” তবে সামনে কঠিন শীতের সম্ভাবনা থাকলেও বর্তমানে সরবরাহ নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই বলে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের সংকট জ্বালানির দামকে প্রভাবিত করছে এবং এর প্রভাব গ্যাসের মজুতের ওপরও পড়ছে বলে জানান কমিশনের এই মুখপাত্র।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক কোনো কৌশলগত গ্যাস মজুত নেই। তবে ভবিষ্যতে কৌশলগত গ্যাস রিজার্ভ গড়ে তোলার বিষয়ে আলোচনা শুরু করা যেতে পারে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ইউরোপের গ্যাসের মজুত পুনরায় পূরণের প্রচেষ্টাকে জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারেও সরবরাহের ওপর চাপ বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗