ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক নতুন মাইলফলকের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগঠনটি ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স (নম্বর ১৩/২০২৬) এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট (নম্বর ১০৭৪/২০২৬) অর্জন করেছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের বায়তুল আবেদ টাওয়ারের দ্বিতীয় তলায় ইপিডিএবির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালিত হয়। এতে সারা বাংলাদেশ থেকে আগত ইলেকট্রনিক্স পণ্যের ডিলার, ডিস্ট্রিবিউটর ও শোরুম মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য এটি একটি আনন্দের ও গৌরবের অধ্যায়। দেশের ইলেকট্রনিক্স পণ্যের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়ী ও শোরুম মালিকদের স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা এবং সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠন প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইপিডিএবির টিও লাইসেন্স প্রাপ্তি সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের ইতিবাচক মতামত ও ক্লিয়ারেন্স পাওয়ার ধারাবাহিকতায় এই অগ্রযাত্রা সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাদের লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়, বরং সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
তারা বলেন, এই প্ল্যাটফর্ম থেকে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ ও অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং ইলেকট্রনিক্স খাতের টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা হবে। একজন ব্যবসায়ীর সমস্যা যেন সবার ভাবনা হয় এবং একজনের অগ্রগতি যেন সবার অনুপ্রেরণা হয়ে ওঠে, সেই লক্ষ্যে ইপিডিএবি সব সদস্যের অধিকার ও সম্মিলিত শক্তি হিসেবে কাজ করবে।
সভা শেষে সারা দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সবাই একসঙ্গে কাজ করে ব্যবসায়িক ভবিষ্যৎকে আরও নিরাপদ, সুসংগঠিত ও সমৃদ্ধ করে তোলাই হোক সকলের ঐক্যবদ্ধ অঙ্গীকার।
