শনাক্ত আরও ১৫
স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। এনিয়ে চলতি মৌসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
এদিকে বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
রোববার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৩৮ জনের মধ্যে হবিগঞ্জে ২৭৬, সুনামগঞ্জে ১৩৯, সিলেটে ১৩৩ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও না হলেও শনাক্ত হয়েছিলেন ১৩ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
